• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:১৩
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিএনপি’র ১১ সম্ভাব্য প্রার্থীকে সুনামগঞ্জের ৫টি আসনে মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিএনপি’র ১১ সম্ভাব্য প্রার্থীকে সুনামগঞ্জের ৫টি আসনে মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রাথমিকভাবে ১১ জন নেতাকে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশ দিয়েছে। নির্দেশটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রদান করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঢাকার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল হক।

দলীয় সূত্র জানা যায়, সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি আসনে একাধিক নেতাকে মাঠে সক্রিয় হয়ে সংগঠন শক্তিশালী করা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা এবং জনগণের কাছে দলের ৩১ দফা কর্মসূচি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেউ যেন দলীয় সহকর্মীর বিরুদ্ধে অপপ্রচার বা বিদ্বেষমূলক মন্তব্য না করে, সেজন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

আসনভিত্তিক প্রাথমিক নাম:

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর-মধ্যনগর): সালমা নজির, কামরুজ্জামান কামরুল, আনিসুল হক

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা): নাসির উদ্দীন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী পাভেল

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ): এম. কয়সর আহমদ (এককভাবে)

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর): অ্যাডভোকেট মো. আব্দুল হক, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জয়নুল জাকেরিন

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার): কলিম উদ্দিন আহমেদ মিলন, মিজানুর রহমান চৌধুরী

কামরুজ্জামান কামরুল সাংবাদিকদের বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত যাকে দেওয়া হোক, আমি ‘ধানের শীষ’ প্রতীকের বিজয়ের লক্ষ্যে মাঠে কাজ করতে প্রস্তুত।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে নেতাদের মাঠপর্যায়ের কার্যক্রমের প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে। এরপর তাদের কর্মকাণ্ডের মূল্যায়নের ভিত্তিতে সুনামগঞ্জের প্রতিটি আসনে একজন করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


বিএনপি

সুনামগঞ্জ

আরও পড়ুন