ই-পেপার/প্রিন্ট ভিউ
মোহাম্মদ ছিবগাতুল্লাহ (শ্রীনগর প্রতিনিধি):
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা এলাকার বাসিন্দা ফয়সাল হোসেন (৩০) অজ্ঞাত কারণে মৃত্যুবরণ করেছেন। তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অস্ত্র প্রশিক্ষণ ভিডিওর প্রশিক্ষক হিসেবে আলোচনায় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল মারা যান। সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ শ্রীনগরের নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
পাটাভোগ ইউনিয়নের কামারখোলা এলাকার দিলু মিয়ার ছেলে ফয়সাল।
খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশের একটি দল সকালেই ফয়সালের বাড়িতে পৌঁছে ঘটনাটি অনুসন্ধান শুরু করেছে। পুলিশের কর্মকর্তারা জানান, মৃত্যুর কারণ উদঘাটনে প্রাথমিক তদন্ত চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, তিন দিন আগে ফয়সাল ঢাকার কালীগঞ্জ এলাকায় হাজি সাহেব নামক একটি ভাড়া বাসায় ওঠেন। গতকাল রাতে তিনি সেখানে তার কথিত বান্ধবীকে নিয়ে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওই নারী বাড়িওয়ালাকে বিষয়টি জানান।
পরবর্তীতে বাড়িওয়ালা একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ফয়সালকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ফয়সালের মৃত্যুর পর তার কথিত বান্ধবী দ্রুত হাসপাতাল ত্যাগ করে অদৃশ্য হয়ে যান। এতে মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে।
বাড়িওয়ালা পরবর্তীতে নিজে দায়িত্ব নিয়ে ফয়সালের লাশ তার পারিবারের কাছে পৌঁছে দেন। বর্তমানে শ্রীনগর থানা পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।
শ্রীনগর থানা পুলিশ জানান, সকালে খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হই, প্রাথমিক জিজ্ঞেসাবাদে তার পরিবার স্টক জনিত কারণ উল্লেখ করেন। তাই আমরা তার পরিবারের সাথে আলোচনা করে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।