ই-পেপার/প্রিন্ট ভিউ
কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি:
৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সুনামগঞ্জের তাহিরপুরে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪টায় তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল শো-ডাউন ও মিছিলসহ উপজেলা সদরে সমবেত হন। পরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কামরুজ্জামান কামরুল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, চানঁ মিয়া মাষ্ঠা এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল উপস্থিত জনতার ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমার নেতা তারেক রহমানের নির্দেশের বাইরে যাব না। আমি দলের মাতা বেগম খালেদা জিয়ার আদর্শের একজন রাজপথের সৈনিক। যদি জনতার দাবির প্রেক্ষিতে হয়, আগামী কিছুদিনের মধ্যে এই আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে এবং ধানের শীষের প্রতিক শেষ পর্যন্ত আমার হাতেই দল তুলে দিব।”
তার এই বক্তব্যে উপস্থিত জনতা মুহূর্তেই করতালি ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।