ই-পেপার/প্রিন্ট ভিউ
মোহাম্মদ ছিবগাতুল্লাহ (শ্রীনগর প্রতিনিধি):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মাহামুদা বেগম (২৪), শ্রীনগর থানা আওতাধীন আরধীপাড়া দিঘীরপাড় গ্রামের আঃ মান্নান মোড়লের মেয়ে।
তিনি অভিযোগ করেন, প্রায় ৮ বছর আগে তার সাথে মোঃ হাবিবুর রহমান রিয়াদ বেপারী (৩৮)-এর বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকে স্বামীসহ তার শ্বশুর মোসলেম বেপারী (৭০) এবং শাশুড়ি মিনারা বেগম (৬০) যৌতুকের দাবিতে তাকে মানসিক ভাবে নির্যাতন করে আসছিলেন। প্রায় তিন মাস আগে বিদেশ (দুবাই) থেকে দেশে ফিরে আসেন তার স্বামী রিয়াদ বেপারী। দেশে এসে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন তিনি। জুয়ার টাকার জন্য স্ত্রীর উপর নির্যাতন শুরু করেন এবং বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। মাহামুদা বেগম টাকা আনতে অস্বীকার করলে গত ৮ নভেম্বর ২০২৫ ইং, সকাল আনুমানিক ৯টার দিকে স্বামী রিয়াদ বেপারী শ্বশুর ও শাশুড়ির সহায়তায় তাকে মারধর করেন। অভিযোগে বলা হয়, তারা গৃহবধূ মাহামুদাকে ওয়ালের চোঙা (লোহার পাইপ) দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। এসময় তাকে বাড়ির ভেতরে আটকে রাখা হয় এবং কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। পরে তার মা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগী মাহামুদা বেগম আরো বলেন, আমাকে নিয়মিত মারধর করত। এবার প্রানে মেরে ফেলারও হুমকি দিয়েছে। আমার শরীরে অনেক জায়গায় নীলা ফোলা ও রক্তাক্ত জখম করেছে। আমাদের সংসারে একটি ৭ বছরের কন্যা সন্তান রয়েছে। বর্তমানে আমার গর্ভে ৩ মাসের বাচ্চা রয়েছে তারপরেও সে আমাকে এমন ভাবে আহত করেছেন।
শ্রীনগর থানাধীন আটপাড়া ইউনিয়নের তারাটিয়া গ্রামের মোসলেম বেপারীর ছেলে মোঃ হাবিবুর রহমান রিয়াদ বেপারী (৩৮)।
অভিযুক্ত মোঃ হাবিবুর রহমান রিয়াদ বেপারীকে মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।