ই-পেপার/প্রিন্ট ভিউ
তোফাজ্জল ইসলাম, সুনামগঞ্জ থেকে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসনভিত্তিক প্রার্থিতা ঘোষণার পর থেকে সুনামগঞ্জ-৩ সহ দেশের বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে - এমন অভিযোগ উঠেছে।
সম্প্রতি এআই-নির্মিত বা সম্পাদিত (ইডিট করা) ভিডিও, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে দেশে-বিদেশে এসব অপপ্রচার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা কয়ছর এম আহমেদ বলেছেন, এটি আসলে নির্বাচনকে প্রলম্বিত ও বানচালের এক ষড়যন্ত্রের অংশ।এক বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্রের পথ কখনোই সহজ নয়। কিন্তু সত্য, ন্যায় ও জনগণের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের মাধ্যমে জনগণের ভালোবাসা কেড়ে নেওয়া যায় না। যারা ভুয়া ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা মূলত গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করতে চায়। কিন্তু বিএনপি জনগণের দল - এই দল মাটির মানুষের শক্তিতে বিশ্বাস করে, ভয় বা ষড়যন্ত্রে নয়।তিনি আরও বলেন, এ সময়ের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ধৈর্য, সততা ও ঐক্য বজায় রাখা। অপপ্রচারের জবাব ঘৃণা দিয়ে নয় - সঠিক তথ্য ও ইতিবাচক মনোভাব দিয়ে দিতে হবে।নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে কয়ছর এম আহমেদ বলেন, আমরা সবাই সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকি। যে আন্দোলন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার, সেই আন্দোলনে ধানের শীষ হবে সত্য ও স্বাধীনতার প্রতীক। জনগণই চূড়ান্তভাবে মিথ্যার জাল ছিন্ন করবে। আমরা সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি - জয় আমাদের হবেই।