• ঢাকা
  • সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ , রাত ০১:৪৯
  • ২৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শ্রীনগরে প্রবাসীর স্ত্রীর মালিকানাধীন জমি দখলের চেষ্টা, আদালতের নিষেধাজ্ঞা অমান্য — আইনি ব্যবস্থার আবেদন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
শ্রীনগরে প্রবাসীর স্ত্রীর মালিকানাধীন জমি দখলের চেষ্টা, আদালতের নিষেধাজ্ঞা অমান্য — আইনি ব্যবস্থার আবেদন ই-পেপার/প্রিন্ট ভিউ

মোহাম্মদ ছিবগাতুল্লাহ (শ্রীনগর মাল্টিমিডিয়া প্রতিনিধি):

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলমপুর এলাকায় এক প্রবাসীর স্ত্রীর মালিকানাধীন জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীরা সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জমির মালিক শরিফুল নাহার বেবী।

তিনি ইতোমধ্যে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আদালতে আইনি সহায়তা চেয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুল নাহার বেবীর স্বামী নুরুজ্জামান দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। বেবী আলমপুর মৌজার আর.এস. খতিয়ান নং–১৫৭০ ও দাগ নং–৬৪২ এর ১৩.৬০ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিকানা অর্জন করেন। জমিতে ফলজ ও সবজি গাছ রোপণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন তিনি।

কিন্তু স্থানীয় রিয়াদ ইসলাম, নুরুল ইসলাম, ভক্ত চন্দ্র মণ্ডল, রিতা বেগম, মুরসালিন, রাজীব, হুমায়ুন, নিজাম আউলিয়াসহ অজ্ঞাতনামা ১৫–২০ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে উক্ত জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে এবং বাদীকে প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

গত ১১ অক্টোবর দুপুরে বিবাদীরা দলবলসহ জমিতে প্রবেশ করে বাদীর লাগানো গাছপালা ও মাচা ভেঙে ফেলে, যার ফলে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে বাদীকে অশালীন ভাষায় গালাগাল ও হামলার চেষ্টা করা হয়। স্থানীয়দের হস্তক্ষেপে তাৎক্ষণিক সংঘর্ষ এড়ানো গেলেও পরবর্তীতে পুনরায় দখলের হুমকি দেওয়া হয়।

পরিস্থিতি অবনতি হলে শরিফুল নাহার বেবী ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা (নং–৫৯৪/২০২৫) দায়ের করেন। আদালতের নির্দেশে শ্রীনগর থানা পুলিশ উক্ত সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।

তবে অভিযোগ রয়েছে, আদালতের ওই আদেশ অমান্য করে ৯ নভেম্বর আলমপুর হোসেন আলি উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ উক্ত জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করে।

বেবীর দাবি, তিনি বাধা দিলে বিবাদীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় এবং কাজ চালিয়ে যেতে থাকে। এতে এলাকায় পুনরায় সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

একই জমি নিয়ে স্থানীয় নাজিরুল আলম স্বপন নামের এক ব্যক্তি দেওয়ানী মোকদ্দমা (নং–২৮১/২০২৫) দায়ের করে চিরস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ জারি করেছেন। তার দাবি, তিনি একই খতিয়ান ও দাগের জমির মালিক এবং মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয় কর্তৃপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে একই জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলমান। বিদ্যালয় সংলগ্ন হওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও দখলের প্রচেষ্টা দেখা যাচ্ছে বলে তারা জানান। তাদের আশঙ্কা, আদালতের নির্দেশ অমান্য করে কোনো পক্ষ নির্মাণকাজ চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।

এই বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন,  জায়গা সংক্রান্ত একাধিক অভিযোগ পাওয়া গেছে। আদালত ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন। কেউ যদি আদালতের আদেশ অমান্য করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন