ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক মো রিয়াদ হোসেন:
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুন্সিগঞ্জের মোহনপুর এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজী গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—কিবরিয়া মিয়াজীর নেতৃত্বাধীন ডাকাতচক্র মোহনপুর এলাকায় সক্রিয় ছিল। এর ভিত্তিতে সকাল ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুরের একটি টিম সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে বাল্কহেডে ডাকাতির সময় হাতেনাতে ওই পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকিটকি, ৬টি মোবাইল ফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া, তাদের ব্যবহৃত একটি স্পিডবোটও জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নৌপথ নিরাপদ রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।