ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ আঃ মান্নান, হাওর অঞ্চল সংবাদদাতা,
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেছেন, আল্লাহ চাইলে আগামীতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশকে একটি আধুনিক ও উন্নয়নের মডেল রাষ্ট্র হিসাবে গড়ে তোলা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি হবে।
শুক্রবার ২১ নভেম্বর দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার মেইন রোডে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় ওয়ান ইলেভেনের সময়কার নির্যাতনের স্মৃতিচারণ করে কামরুল বলেন, সেই দুঃসময়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নানান নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। অগ্নিচক্ষুর হুমকি উপেক্ষা করে তিনি দেশ ছাড়েননি, আপোষ করেননি। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে এক সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তান তারেক রহমানকে পঙ্গু করার চেষ্টা করা হয়েছে। তবুও তিনি জনগণের অধিকার রক্ষার প্রশ্নে কখনো মাথানত করেননি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কামরুল বলেন,
জনগণই আমার শক্তি। অতীতে তারা আমার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। জনশক্তিকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।
তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।