ই-পেপার/প্রিন্ট ভিউ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক তাহিরপুর সদর ইউনিয়নের জামালগড় গ্রামে সনাতন হিন্দু সম্প্রদায়ের আয়োজিত শ্রীশ্রী হরিনাম উৎসব ও কীর্তনে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে তিনি উৎসবস্থলে এসে স্থানীয় ভক্তবৃন্দ, সুধীজন ও গ্রামবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি ধানের শীষের পক্ষে গণসংযোগ চালান এবং এলাকার উন্নয়ন, সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আনিসুল হক বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—সবাই মিলে আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে। ভোটে জয়ী হলে এ অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেব।”
তিনি আরও বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি পরিবর্তনের অঙ্গীকার, মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। হাওরাঞ্চলের উন্নয়ন বঞ্চনা দূর করাই আমার মূল লক্ষ্য। শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলকে আধুনিক জনপদে রূপান্তর করতে চাই।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। পরে তিনি গ্রামের বিভিন্ন স্থানে ঘরোয়া সভা, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন। উৎসবস্থলে আগত ভক্তবৃন্দ আনিসুল হকের উপস্থিতি ও সম্প্রীতির বার্তাকে স্বাগত জানান।