ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক | হবিগঞ্জ
হবিগঞ্জ জেলায় প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। মোছা. ইয়াছমিন খাতুনকে জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
বর্তমানে মোছা. ইয়াছমিন খাতুন মানিকগঞ্জে কর্মরত আছেন। এর আগে তিনি এন্টি টেররিজম ইউনিট এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে তার দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সবসময়ই প্রশংসিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পদায়নের পর আগামী দুই–এক দিনের মধ্যেই তিনি হবিগঞ্জে যোগদান করবেন। এর আগে গৌতম কুমার দাসকে হবিগঞ্জের এসপি হিসেবে নিয়োগের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় মোট ৬৪ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়। সেই তালিকাতেই ইয়াছমিন খাতুনের নাম অন্তর্ভুক্ত থাকে।
শিক্ষাজীবনে তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়ে একটি উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
তার পদায়নের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানাচ্ছেন। সচেতন মহলের প্রত্যাশা—তার নেতৃত্বে হবিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে এবং অপরাধ দমনে পুলিশ আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।