ই-পেপার/প্রিন্ট ভিউ
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর ও বিল্ডিংয়ের ছাদে, বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতা ও দুর্যোগে আটকে পড়া মানুষকে কিভাবে উদ্ধার করা যায়, এই মহড়া অনুষ্ঠিত হয়।
ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয় মহড়ায়।
মহড়াটি পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম। তিনি জানান, জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ এর নির্দেশনায় সংশ্লিষ্ট কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মহড়া অনুষ্ঠিত হলো। আরও বলেন, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভারি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক চত্বরে অনুষ্ঠিত অগ্নি নির্বাপণী মহড়ার সমাবেশে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর মোঃ মাহবুব-উজ-জামান জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ এবং ভূমিকম্পের সময় জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। ভূমিকম্পের সময় ভবনের নিচতলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে, বহুতল ভবনে থাকলে ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করে নিচু হোন, শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরুন। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিন। ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভূমিকম্প থামার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক ও গ্যাস সিলিন্ডারের সংযোগ দ্রুত বন্ধ করতে হবে। বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাব বা কোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে হবে। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতও সাংবাদিক ফয়সাল আজম অপু, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।