
নিজস্ব প্রতিবেদক। কুমিল্লা
কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দরজায় ব্যতিক্রমী এক বার্তা টাঙিয়ে সেবাপ্রত্যাশীদের দৃষ্টি কেড়েছেন ইউএনও আসাদুজ্জামান রনি। দরজায় লেখা রয়েছে—‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউএনওর কার্যালয়ের প্রবেশপথে এমন নির্দেশনা দেখা যায়। নেমপ্লেটের পাশে টাঙানো বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, তাঁর কক্ষে প্রবেশের জন্য আলাদা অনুমতির প্রয়োজন নেই। এমনকি জুতা খুলেও প্রবেশ করতে হবে না।
উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানো এবং সরকারি সেবা গ্রহণ সহজ করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। এর ফলে সেবাপ্রত্যাশীরা কোনো ধরনের সংকোচ ছাড়াই সরাসরি ইউএনওর কাছে নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরতে পারবেন বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, অনেক সময় সরকারি কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে না পেরে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। কেউ কেউ বাধ্য হয়ে দালালের দ্বারস্থ হয়ে ভোগান্তিতে পড়েন। বরুড়ার ইউএনওর এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা বাড়াবে।
শওকত আলী বলেন, এটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারি অফিসে শৃঙ্খলা, নিয়মনীতি ও সৌজন্যবোধ বজায় রেখে এমন জনবান্ধব নির্দেশনা সত্যিই প্রশংসার দাবিদার।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, “সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাঁদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেওয়া হয়েছে। আমার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন—এটাই আমার প্রত্যাশা।”
স্থানীয়দের মতে, ছোট্ট একটি বার্তার মধ্য দিয়ে বড় একটি বার্তা দিয়েছেন ইউএনও। সরকারি দপ্তর যে জনগণের সেবার জন্য, তা বাস্তবে প্রতিষ্ঠা করতে এমন উদ্যোগ অন্য সরকারি কর্মকর্তাদেরও উৎসাহিত করতে পারে।
মন্তব্য করুন