
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার কালীবাড়ী সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহবুব মুল্লিক। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাদাঘাট বাজার কালীবাড়ী মন্দির পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মাহবুব মুল্লিক বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, সুনামগঞ্জের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় পূজার সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। দলের কেউ মাদকাসক্ত হয়ে মাতলামি করলে কিংবা পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
মাহবুব মুল্লিক বলেন, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি রাখা হচ্ছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সহযোগিতা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গণেশ তালুকদার, বাদাঘাট বাজার কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তাহিরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গণেশ তালুকদার বলেন, বাদাঘাট বাজার কালীবাড়ী সর্বজনীন পূজামণ্ডপে মহাসপ্তমীর পূজা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পূজার সার্বিক প্রস্তুতি ভালো রয়েছে এবং আগামী দিনগুলোতেও শান্তিপূর্ণ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদী।
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজামণ্ডপে এসে খোঁজখবর নিচ্ছেন এবং পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। মাহবুব মুল্লিকসহ অনেকে তাঁদের সঙ্গে কথা বলেছেন। প্রশাসনিক নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার বিষয়েও তাঁরা আশাবাদী।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় তাহিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন