শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ, বিশ্বম্ভরপুরে অংশ নিল ৬২৫ শিক্ষার্থী
মোঃ শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। শুক্রবার (৩০ অক্টোবর) কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে জেলার ১২টি উপজেলার ১৭টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণির সাড়ে ছয় হাজারের বেশি শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্রে অংশ নেয় ৬২৫ জন শিক্ষার্থী।
শুক্রবার সকাল থেকেই বিশ্বম্ভরপুরের পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মধ্যে ছিল মেধা যাচাইয়ের আগ্রহ ও প্রতিযোগিতার উদ্দীপনা। অভিভাবকদের মধ্যেও সন্তানদের শিক্ষাগত অগ্রগতি ও মেধা বিকাশ নিয়ে উৎসাহ লক্ষ্য করা যায়।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান, সৃজনশীল চিন্তাশক্তি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা যাচাই ও নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টিতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখে।
শিশু-কিশোরদের জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মননশীল বিকাশে কিশোরকণ্ঠ একটি পরিচিত নাম। শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞান অর্জনে আগ্রহী করে তুলতে কিশোরকণ্ঠের এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা।
আয়োজকদের প্রত্যাশা, মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি ও যোগ্যতা মূল্যায়নের সুযোগ পাবে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের আত্মবিশ্বাস অর্জন করবে। শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি একটি মেধাবী, সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক জেলা চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা হারিস উদ্দিন, সাবেক পৃষ্ঠপোষক সুলতান আহমদ, অধ্যক্ষ ইকবাল হোসেন ও মাওলানা বদরুল আমিনসহ অন্যান্য অতিথিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের থানা প্রতিনিধি লুৎফুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, কামরুল হাসান মহসিন, নাইম হাসান ও সাদাত সাকিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির উদ্দেশ্যে প্রতিবছর এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
উল্লেখ্য, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশের তারিখ শিগগিরই কিশোরকণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য করুন