ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। আটক মাদক ও জব্দ করা ইজিবাইকের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড় পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাঁচটিকরী গ্রামের মোঃ মাসুদ রানা আসিক (৩০), সুরানপুর গ্রামের মোঃ এনায়েতুল্লা শিমুল (২০) এবং বিরেশ্বরপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন (৪৫)। তাঁদের কাছ থেকে দুটি ইজিবাইকও জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন