
“আমার দুইটি সন্তান আছে। তাদের এই ছোট্ট বয়সে এতিম করে যেতে চাই না। আমি আবারও বাঁচতে চাই, বাঁচার মতো একটি সুযোগ চাই।”
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা। বর্তমানে তিনি জটিল শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। পরিবারের দাবি, পরীক্ষা-নিরীক্ষায় তার স্টেজ-৪ ব্লাড ক্যান্সার শনাক্ত হয়েছে।
খুলনার ফুলবাড়ী গেট এলাকার বাসিন্দা লিজা। স্বামী শরিফুল হক ও দুই সন্তানকে নিয়ে ছিল তাদের ছোট্ট সংসার। পেশাগত জীবনে তিনি একজন পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে বর্তমানে তার স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড ব্যথা, রক্ত জমাট বাঁধার সমস্যা এবং শ্বাসনালীর বিভিন্ন জটিলতায় ভুগছেন লিজা। বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভারতে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর স্টেজ-৪ ব্লাড ক্যান্সার ধরা পড়ে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের দাবি, লিজার চিকিৎসা চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন। চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা প্রয়োজন হতে পারে বলে তারা জানিয়েছেন। ইতোমধ্যে চিকিৎসার পেছনে পরিবারের সঞ্চয় ও সামর্থ্যের বড় একটি অংশ ব্যয় হয়েছে। ফলে এখন চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে স্বামী শরিফুল হকও আর্থিক সংকটে পড়েছেন বলে পরিবার জানিয়েছে। একদিকে অসুস্থ স্ত্রী, অন্যদিকে দুই ছোট সন্তান—সব মিলিয়ে কঠিন সময় পার করছে পরিবারটি।
লিজার আকুতি,“আমি আমার দুই সন্তানের জন্য হলেও বাঁচতে চাই। আমাকে আপনারা সাহায্য করুন। আমার সন্তান দুটো এখনো অনেক ছোট। তাদের এই ছোট্ট বয়সে এতিম করে যেতে চাই না আমি।”
লিজার পরিবারের পক্ষ থেকে সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদের কাছে চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও অন্তত এই মানবিক আবেদনটি শেয়ার করে বিষয়টি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে পরিবার।
পরিবারের সঙ্গে যোগাযোগ: 📞 ০১৯০৭০৩৩৩৯৩
একজন পুলিশ কনস্টেবল হিসেবে মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করা লিজা আজ নিজেই জীবন বাঁচানোর লড়াইয়ে। তার দুই ছোট সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানিয়েছে পরিবার।
তবে সহযোগিতার আগে চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ রইল।
মন্তব্য করুন