
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়ার পথে নৌকা থেকে পানিতে পড়ে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী জেলার ১৭ নম্বর রাজশাহী সিটি করপোরেশনের মধ্যনওদাপাড়া এলাকার বাসিন্দা এবং বন বিভাগের কর্মচারী নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জনের একটি দল মধ্যনগর উপজেলা থেকে পর্যটকবাহী নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে রওনা দেন। পথে সকাল ১০টার দিকে লামাগাঁও বাজারের মসজিদের পাশে মানাই নদীতে নৌকাটি নোঙর করা হয়।
এ সময় দলের কয়েকজন খাবারের প্রয়োজনীয় সামগ্রী কিনতে তীরে যান। অন্যরা নৌকার পাশে নদীতে গোসল করতে নামেন। গোসলের সময় কয়েকজন পানিতে লাফ দিয়ে নামলেও আব্দুল মাজেদ পিকলু আর পানির ওপরে উঠতে পারেননি।
পরে স্থানীয় এলাকাবাসী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ বলেন, “টাঙ্গুয়ার হাওরে যাওয়ার আগেই তারা দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহ উদ্ধার করেছেন।”
তাহিরপুর থানার এসআই আবুল হাসনাত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নৌকাসহ মরদেহটি তাহিরপুর থানায় নেওয়া হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন