নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন, ৩২, কে চোর অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শুক্রবার, ৩ জুলাই রাতে যশোরের ঝিকরগাছা ও ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে RAB-6 এর পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩ জুলাই সন্ধ্যা ৬:৩৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ঝিকরগাছা থানাধীন মিশ্রী দেয়াড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার ৩ নং এজাহারনামীয় আসামি অপূর্ব, পিতা- অনাধি, ২৭, কে গ্রেফতার করা হয়। তার বাড়ি নড়াইলের উত্তর খলিশাখালী।
একই দিন রাত ১০টার দিকে র্যাব-৬, সিপিসি সদর কোম্পানি ভাটিয়াপাড়া ক্যাম্পের আরেকটি দল ফরিদপুরের বোয়ালমারী থানাধীন জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নং এজাহারনামীয় আসামি প্রসেনজিৎ, ২৫, পিতা- নিভাস কে গ্রেফতার করে। তার বাড়িও নড়াইলের উত্তর খলিশাখালী।
RAB জানায়, ভিকটিম আনোয়ার হোসেন একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত ২৫ জুন রাত ৩টার দিকে আসামিসহ অন্যান্যরা তাকে চোর অপবাদ দিয়ে ১ নং আসামি প্রসেনজিতের বাড়ির সামনে গাছের সাথে বেঁধে নির্মমভাবে মারপিট করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই সকাল ৭টায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই গোলাম নবী হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। RAB আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন