রাতারগুলে গোপন সভার স্থান শনাক্ত, পুলিশকে তথ্য দিলেন তারা মিয়া
স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে শিক্ষা সফরের কথা বলে একটি ইকো রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছিল। তবে সেখানে শিক্ষা সফরের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সিলেট নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকায় অবস্থিত ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ গত ৮ নভেম্বর ওই সভা অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকালে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোনের অবস্থান শনাক্তের মাধ্যমে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে যায়। সেখানে গিয়ে সভার স্থান শনাক্ত করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তারা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত ৮ নভেম্বর একজন আইনজীবী শিক্ষা সফরের কথা বলে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নিয়েছিলেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার উপস্থিত হয়ে ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
এর আগে সোমবার (৯ নভেম্বর) বিকেলে রনজিত সরকার নিজের ফেসবুক আইডি থেকে ওই সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে বর্তমান সরকারের সমালোচনা করতে দেখা যায়। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এদিকে, রনজিত সরকারের ওই বক্তব্যকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বলে জানা গেছে।
শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া নিয়ে সেখানে রাজনৈতিক সভা আয়োজনের বিষয়টি সামনে আসার পর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সভা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং এর পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পুলিশের পরবর্তী তদন্ত ও বক্তব্যের অপেক্ষা রয়েছে।
সূত্র: দৈনিক সুনামগঞ্জের খবর
মন্তব্য করুন