চাঁপাইনবাবগঞ্জ অম্বেষন সাহিত্য পরিষদ এর আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ, আমতলার আড্ডায় আজ সোমবার (২৫ মে) সকাল ৯টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমী সুধীবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক মনোজ্ঞ সাহিত্যিক মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালাল উদ্দিন সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন কামরুল আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক ফয়সাল আজম অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক ডা. আব্দুস সামাদ, তারিক অপু, কবির আলমগীর বাদশা, সুমন রেজা, সাংবাদিক ও লেখক মাহাবুবুল আলম (নানা), সাংবাদিক, গীতিকার ও কবি জনাব আলী এবং আনিফ রুবেদ।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল আজম অপু বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদের প্রতীক। তাঁর রচনায় বিদ্রোহ, প্রেম, সাম্য, সম্প্রীতি ও মানবতার অনন্য সংমিশ্রণ ফুটে উঠেছে। তিনি বলেন, “মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”—এই বাণী আজও আমাদের সমাজে সাম্য ও মানবতার পথ দেখায়।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে বিদ্যমান নানা অন্যায়, বৈষম্য ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে নজরুলের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। এ ধরনের কবিতা পাঠের আয়োজন তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করবে এবং নজরুলের ভাবধারার সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসরাফুল ইসলাম, ইমদাদুল হক মামুন, আবু রাশেদ, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার মাস্টার, মারুফুল হাসান, মীর মোশারফ, জীবন আলী, আরমান হোসেন, মোস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন, সম্মীর স্বয়মসহ আরও অনেকে।
শেষে অন্য কবিদের আবৃত্তির মাঝে, ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র তওসিফ আশরাফ প্রান্ত বিদ্রোহী কবি কাজী ইসলামের মনোমুগ্ধকর কবিতা পাঠ করে অতিথিদের মন জয় করেন।
সবশেষে আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, এমন আয়োজন সমাজে মানবিকতা, সাম্য ও সংস্কৃতির চর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকলকে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য করুন