সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামে গোসল করতে গিয়ে আবুল বাসারের স্ত্রী সুলতানা (২৪) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে গ্রামের নিজ ঘাটে গোসল করতে নামেন সুলতানা। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ ওই নারীর কোনো সন্ধান মেলেনি।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন,ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ধুতমা গ্রামে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করি। নিখোঁজ নারীকে উদ্ধারে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। সুলতানাকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন,ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে, নিখোঁজ নারীর সন্ধানে ইতোমধ্যে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি এবং উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন