
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। আটক যুবক তালহা আহমেদ অভি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক তালহা আহমেদ অভি সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। স্থানীয়দের ভাষ্য, পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে। পরে বিকেলে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তালহা আহমেদ অভিকে চাঁদা দাবির সময় আটক করেন বলে দাবি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং পরে থানায় নিয়ে যায়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ দাবি করেন, তালহা আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন।
তাহিরপুর থানার উপপরিদর্শক হাসনাত চৌধুরী জানান, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
তবে তালহা আহমেদ অভির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।
মন্তব্য করুন