
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লালপুর, লক্ষীপুর ও কামিনীপুর এলাকায় টাস্কফোর্সের অভিযানে চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় ও জামালগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে স্টোন ক্রাশার মেশিন পরিচালনার মাধ্যমে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন লালপুরের মো. সোলায়মানকে ১ লাখ টাকা, লক্ষীপুরের মো. মত্তুর্জা আলীকে ১ লাখ টাকা, কামিনীপুরের মো. হোসেনকে ১ লাখ টাকা এবং একই এলাকার সফিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, পরিবেশের ভারসাম্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। বিধিমালা লঙ্ঘন করে পরিবেশ দূষণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, সাচনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: আসআদ, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো: ছবির হোসেন, জামালগঞ্জ থানার পুলিশ সদস্য, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন