
নদী রক্ষায় সচেতনতা বাড়তে বগুড়ায় বিশ্ব নদী দিবসে দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে। নদী দখল প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ, দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন। বগুড়া কারাগারের সীমানা প্রাচীর অংশ ভেঙে করতোয়া নদীর তীরবর্তী ওয়াকওয়ে প্রশস্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।
শনিবার (১০ অক্টোবর) শহরের এসপি ব্রিজ এলাকার ডিসি পার্ক নদীপাড়ে মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখা। সভাপতিত্ব করেন করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দীন সৈকত। নদীর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মাণ করা ওয়াকওয়ে তুলনামূলক প্রশস্ত হলেও জেলখানা এলাকায় এসে সংকীর্ণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবেশবাদী নেতারা।
বাপা বগুড়ার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার বলেন, দখল ও দূষণের কারণে নানা সংকটে দেশের অনেক নদ-নদী। শিল্পবর্জ্য, প্লাস্টিক, পয়ঃবর্জ্য ও অন্যান্য দূষণে নষ্ট হচ্ছে নদীর পানি। কোথাও আবার নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। প্রকৃতি, কৃষি, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে নদীর সম্পর্ক গভীর। নদীকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য জনপদ, জীবিকা ও মানুষের সংস্কৃতি। দখল প্রতিরোধ, দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন (বাপা) উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ারুল করিম দুলাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, মোতাছিম বিল্লাহ শিমুল, অ্যাডভোকেট আজাদ তালুকদার, মো. ফজলুল হক।
মানববন্ধনে অংশ নেন উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, ফজলুল হক বাবলু, জাকিয়া সুলতানা, আস্তারী রহমান, আহসান হাবিব তালুকদার রঞ্জু, জাহেদুর রহমান, শাহ সাব্বির রহমান, লায়ন আতিকুর রহমান মিঠু, আহমেদ কবির মিন্টু, শাহান বারী, তাজুল ইসলাম, মিজানুর রহমান মিজান, অধ্যাপক মোজাফফর রহমান উপস্থিত ছিলেন।##
মন্তব্য করুন