
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ভবনের শুভ উদ্বোধন ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুজ্জামান।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান সরকার, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন এবং সাবেক বেলকুচি পৌর আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা তাঁদের পেশাগত সমস্যা, দাবি-দাওয়া এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিমের কাছে তুলে ধরেন।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাঁরা সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। একটি শিক্ষিত, সচেতন ও উন্নত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকার ইতোমধ্যে নতুন পে-স্কেল ঘোষণা করেছে। ভবিষ্যতেও শিক্ষকদের উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন ভবনের উদ্বোধন ও সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে শিক্ষকসমাজের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নতুন এ ভবনটি উপজেলার প্রাথমিক শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ, মতবিনিময়, পেশাগত উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষকসমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রেও ভবনটি কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষকসমাজের প্রতিনিধিরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করেন।
বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক।রা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন