ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার আড়ালে মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রোববার (২৩ নভেম্বর) উপজেলার কামড়াবন্দ গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ি থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ইসলাম উদ্দিনকে আটক করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ইসলাম উদ্দিনসহ ৫ থেকে ৭ জনের একটি চক্র গত ৪ থেকে ৫ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার আড়ালে তাহিরপুর উপজেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের দাবি, ওই চক্রের মাধ্যমে মদ, গাঁজা ও ইয়াবা পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ইসলাম উদ্দিন ওই চক্রের অন্যতম সদস্য। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও আদালতের মাধ্যমে প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া প্রয়োজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আটক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন