হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার সদর, মাধবপুর ও লাখাই উপজেলার মোট ২৫টি ইউনিয়নে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রাপ্ত তালিকা অনুযায়ী, হবিগঞ্জ সদর উপজেলার আটটি ইউনিয়ন হলো—লোকড়া, রিচি, তেঘরিয়া, পৈল, গোপায়া, রাজিউরা, নিজামপুর ও লস্করপুর।
মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন হলো—ধর্মঘর, চৌমুহনী, বহরা, আদাঐর, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদীশপুর, বুল্লা, নোয়াপাড়া, ছাতিয়াইন ও বাঘাসুরা।
অন্যদিকে, লাখাই উপজেলার ছয়টি ইউনিয়ন হলো—লাখাই, মোড়াকরি, মুড়িয়াউক, বামৈ, করাব ও বুল্লা।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে সম্ভাব্য চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও তৎপরতা বাড়তে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ ও আলোচনা তৈরি হচ্ছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত তফসিল, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও ভোটগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত হবে।
মন্তব্য করুন