নিজস্ব প্রতিবেদক। তাহিরপুর, সুনামগঞ্জ।
প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ’-এর দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। আসন্ন এ নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেসার্স মোস্তফা এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আলী মোস্তফা। যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী এবং সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শেখ আলী মোস্তফার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই স্থানীয় ব্যবসায়ী মহল এবং তাঁর কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রার্থিতা বৈধ হওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় শেখ আলী মোস্তফা বলেন, “আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমি শুরু থেকেই নির্বাচনী নিয়মকানুন ও শিষ্টাচার মেনে চলার চেষ্টা করেছি। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সকল ব্যবসায়ী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমার পাশে থেকে সবসময় সাহস জুগিয়েছেন।
তিনি আরও বলেন, “আমি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি, অধিকার রক্ষা এবং ব্যবসা খাতের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। ব্যবসায়ীদের যেকোনো সংকট মোকাবিলায় আমি সবসময় তাঁদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব।” এ সময় তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, শেখ আলী মোস্তফা একজন সৎ, পরোপকারী ও পরীক্ষিত সমাজসেবক। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরে তাঁর ভূমিকা রয়েছে। কার্যকরী সদস্য পদে তাঁর মতো একজন উদ্যমী ও নেতৃত্বগুণসম্পন্ন ব্যবসায়ীর অংশগ্রহণে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁরা আশা করছেন, নির্বাচিত প্রতিনিধিরা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সদস্য ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন