তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ’-এর দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। আসন্ন এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই স্থানীয় ব্যবসায়ী মহল এবং তাঁর কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রার্থিতা বৈধ ঘোষণার পর নিজের অনুভূতি প্রকাশ করে হাজী মো. সবুজ আলম বলেন, “আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি বিশ্বাস করি, এই নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের নয়, বরং ব্যবসায়ীদের অধিকার, ঐক্য ও ভবিষ্যৎ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
দীর্ঘদিন ধরে আমি এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যবসায়ীদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছি। সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়, আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সংগঠনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।
আমি পদ-পদবির জন্য নয়, ব্যবসায়ী ভাইদের সম্মান, স্বার্থ ও অধিকার রক্ষার প্রত্যয় নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছি। অতীতের মতো আগামীতেও ব্যবসায়ীদের যেকোনো সংকট ও প্রয়োজনে পাশে থাকতে চাই। আমি সকল ব্যবসায়ী ভাইয়ের দোয়া, ভালোবাসা, মূল্যবান পরামর্শ ও সমর্থন প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতা পেলে একটি ঐক্যবদ্ধ, গতিশীল ও ব্যবসায়ীবান্ধব সংগঠন গড়ে তুলতে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাজী মো. সবুজ আলম একজন সৎ, পরোপকারী ও পরীক্ষিত সমাজসেবক। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরে তাঁর অবদান রয়েছে। সাধারণ সম্পাদক পদে তাঁর মতো একজন অভিজ্ঞ, উদ্যমী ও নেতৃত্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব প্রতিদ্বন্দ্বিতা করায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁরা আশা করছেন, তাঁর নেতৃত্বে সংগঠনে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সদস্য ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
মন্তব্য করুন