সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৪৯ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাতে সুনামগঞ্জ সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়পাড়া ও পশ্চিম তেঘরিয়া এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ আতাউল গনি ওরফে রুবেল (৩৪), মাহিদুল ইসলাম তাহরিম (১৯) ও মোঃ মাজেদুল ইসলাম তানজির (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় আতাউল গনি ওরফে রুবেলের হেফাজত থেকে ১০০ বোতল এবং অপর দুইজনের হেফাজত থেকে ৪৯ বোতলসহ মোট ১৪৯ বোতল (১৪ হাজার ৯০০ মিলিলিটার) ফেনসিডিল জব্দ করা হয়।
এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা ফেনসিডিল ও মোবাইল ফোনের আনুমানিক মোট বাজারমূল্য ৪ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের এসআই অঞ্জন চন্দ্র সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মোঃ কামাল হোসেন, এসআই মাসুদ আহমদ, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মোহাম্মদ রৌশন আলী, এএসআই ইসমাইল হোসেন, এএসআই মোঃ খাদেমুল ইসলামসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে ডিবি পুলিশের এ অভিযান পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন