তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর ২০২৬ ইংরেজি তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেসার্স তিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ। নির্বাচনে বিজয়ী হতে তিনি গ্রুপের ভোটার ও ব্যবসায়ীদের দোয়া, সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করেছেন।
গত ২ নভেম্বর (সোমবার) বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী।
নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আলী আহমদ বলেন, ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘদিনের পথচলায় তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করাই তাঁর মূল উদ্দেশ্য। নির্বাচিত হলে আমদানিকারকদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক প্রতিবন্ধকতা নিরসন এবং সংগঠনের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
তিনি আরও জানান, আমদানি প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করা, আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
আসন্ন নির্বাচন উপলক্ষে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সুস্থ ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে আলী আহমদ বলেন, ভোটারদের সঠিক সিদ্ধান্ত সংগঠনকে আরও শক্তিশালী করতে পারে। এ সময় তিনি সহ-সাধারণ সম্পাদক পদে তাঁকে সমর্থন দিয়ে মূল্যবান ভোট প্রদানের জন্য সবার প্রতি অনুরোধ জানান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নির্বাচনের আয়োজন করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ৩৬৪ জন ভোটার নিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মো. জুনাব আলী জানান, ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে। ঘোষিত ফলাফলের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ থাকবে। পরবর্তী সময়ে ১৭ ডিসেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আসন্ন বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করাই তাঁদের লক্ষ্য। কোনো বিভেদ বা মতপার্থক্য নয়, বরং সব ব্যবসায়ী ও ভোটারের সম্মিলিত অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চান তাঁরা।
তিনি বলেন, নির্বাচনে কে বিজয়ী হলেন, সেটি বড় কথা নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন মিলেমিশে ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও ঐক্য রক্ষায় কাজ করতে পারেন। তাঁর প্রত্যাশা, এ নির্বাচন সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এখন ভোটারদের রায়ের অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা।
মন্তব্য করুন