ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি সরকারি সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলে সেবার মান ও ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরগুলোর হাজিরা রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। একই সঙ্গে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলে সেবা পাওয়ার অভিজ্ঞতা, সেবার মান এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, তা জানতে চান।
এদিকে একই দিন ফুলপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন এবং মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে সরকারি সেবার মানোন্নয়ন, দাপ্তরিক জবাবদিহি নিশ্চিতকরণ ও ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যকর বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
মন্তব্য করুন