মোঃ ওসমান গনি, শেরপুর জেলা প্রতিনিধি,
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অর্থের বিনিময়ে তাঁদের সীমান্ত পার হতে সহায়তার অভিযোগে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তবে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটক দুজনের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।
আটক কিশোররা হলেন হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কর্ণজোড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই দুই কিশোরকে আটক করেন বিজিবি সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোররা জানান, ভারতে বসবাসরত তাঁদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তাঁরা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। এ কাজে অর্থের বিনিময়ে তাঁদের সহায়তা করছিলেন স্থানীয় তিন ব্যক্তি বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
অভিযুক্ত ওই তিন ব্যক্তি হলেন শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের নেহালের ছেলে মো. মামুন (২২), একই গ্রামের জয়নালের ছেলে মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (২৫)।
পরে আটক দুই কিশোরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। পাশাপাশি অভিযুক্ত তিনজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। এসব অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন