হাওর-নদী রক্ষা, জনদুর্ভোগ লাঘব ও অনিয়ম প্রতিরোধে মাঠপর্যায়ে নানা উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, তাহিরপুর (সুনামগঞ্জ)
কার্যালয়ের চার দেয়ালে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যা শুনছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। হাওর-নদী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জনদুর্ভোগ লাঘব, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে তাঁর নেওয়া নানা উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
যোগদানের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিদর্শন করছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দুর্ভোগের কথা শুনছেন। প্রশাসনিক সামর্থ্য ও বরাদ্দের মধ্যে থেকে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন।
গত দুর্গাপূজায় সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন দুর্গামণ্ডপ পরিদর্শন করে পূজারীদের খোঁজখবর নেন ইউএনও। ধর্মীয় উৎসবের সার্বিক পরিবেশ ও সংশ্লিষ্টদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেওয়ার মধ্য দিয়ে মাঠপর্যায়ে তাঁর উপস্থিতি লক্ষ করা যায়।
বর্ষা মৌসুম শেষে শুকনো মৌসুমে হাওরাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থার সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করে কোথাও বাঁশের সাঁকো, কোথাও কাঠের সাঁকো নির্মাণ এবং জরাজীর্ণ সাঁকো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে হাওরাঞ্চলের মানুষের চলাচলে দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
তাহিরপুরের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। পাশাপাশি মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন খেয়াঘাটের ইজারা কার্যক্রমেও অনিয়ম প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ইজারা বন্ধ এবং ইজারার নামে অবৈধ অর্থ আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের কথা জানা গেছে। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগও নেওয়া হচ্ছে।
গত বুধবার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার এলাকায় ইউএনও রিপামনি দেবীর উপস্থিতি এবং হাওরবাসীর উদ্দেশে দেওয়া সচেতনতামূলক বক্তব্যে হাওর সংরক্ষণে তাঁর প্রত্যয় ফুটে ওঠে।
টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। এর জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘব, হাওর-নদী ও পরিবেশ সংরক্ষণ এবং প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
হাওর বাঁচাই, উদ্যোগের পাশে দাঁড়াই—প্রশাসন ও জনতার সম্মিলিত প্রচেষ্টায় টাঙ্গুয়ার হাওর রক্ষার প্রত্যয়।
মন্তব্য করুন