রোকসানা পারভিন স্টাফ রিপোর্টার:
সুন্দরবনে শ্রমজীবী মানুষ যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া স্বাভাবিক ও স্বাধীনভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন, সেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন লিটনের নেতৃত্বে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সুন্দরবনের ওপর নির্ভরশীল বাওয়ালী, মৌয়ালী ও জেলেরা অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন লিটন বলেন, “সুন্দরবন উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষের জীবন ও জীবিকার প্রধান উৎস। কিন্তু বিভিন্ন সময় এই অঞ্চলের মেহনতি মানুষ নানামুখী হয়রানি ও ভয়ে তাদের পেশা পরিচালনা করতে গিয়ে চরম সংকটে পড়েন। সুন্দরবনে শ্রমজীবী মানুষ যাতে কোনো প্রকার ভয় বা প্রতিবন্ধকতা ছাড়া নির্ভয়ে জীবিকা নির্বাহ করতে পারেন, প্রশাসনের পক্ষ থেকে সেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “বনজীবী ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় এবং তাদের কর্মসংস্থানকে নিরাপদ করতে আমরা সব সময় মাঠে আছি। সুন্দরবনকে কেন্দ্র করে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বা হয়রানি বরদাশত করা হবে না।”
মানববন্ধনে বক্তারা উপকূলীয় অঞ্চলের শ্রমজীবী মানুষের নিরাপত্তা বৃদ্ধি, বন বিভাগের আইনি প্রক্রিয়া সহজীকরণ এবং সাধারণ জেলে-বাওয়ালীদের নিরাপত্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উক্ত ব্যতিক্রমী মানববন্ধনে স্থানীয় কৃষক দল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ গাবুরা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক সুন্দরবনজীবী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন