সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী পলাশ মন্ডল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের প্রতিনিধির কাছে নিজের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ সিভি জমা দেন।
এ সময় পলাশ মন্ডল বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছেন। আসন্ন নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে তিনি শতভাগ আশাবাদী। তবে চেয়ারম্যান পদে আরও প্রার্থী থাকায় দলীয় সিদ্ধান্তের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। দল যথাযথ বিবেচনায় যাঁকে যোগ্য মনে করবে, তিনি সেই সিদ্ধান্ত মেনে নেবেন।
তিনি আরও বলেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন তাঁদের অভিভাবক। তাঁর সততা, বিচক্ষণতা ও সিদ্ধান্তের প্রতি তাঁর আস্থা ও বিশ্বাস রয়েছে। দল তাঁকে যোগ্য মনে করে সমর্থন দিলে নির্বাচনে শতভাগ জয়ের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানকে একটি আধুনিক ইউনিয়ন উপহার দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিভি জমা দেওয়ার সময় মন্ত্রীর প্রতিনিধিসহ নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন সজীব, সদস্য সচিব জিয়াউল হক সজীবসহ দৈহারী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন