‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মঙ্গলবার (৪ আগস্ট) এক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ মাহবুব আলমের শ্রদ্ধেয় মা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা যুক্তির এক সৃজনশীল লড়াই, যা শিক্ষার্থীদের মননশীলতা বিকাশ, কথা বলার জড়তা দূর করা এবং বিশ্লেষণী সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ, যুক্তি উপস্থাপন এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করতে শেখে। এ কারণে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বিতর্কচর্চা চালু রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত যুক্তি-তর্ক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাদের যুক্তিবাদী, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন