
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরে পরিবেশ দূষণের অভিযোগে অভিযান চালিয়ে তিনটি হাউসবোটকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ এবং পরিবেশ দূষণের অপরাধে তিনটি হাউসবোটকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানার পুলিশ সদস্যরা।
অভিযান চলাকালে টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউসবোটের মালিক, চালক ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে হাওরের জীববৈচিত্র্য, জলজ পরিবেশ ও সংরক্ষিত এলাকার নিয়ম-কানুন মেনে চলার বিষয়ে পর্যটকদের সচেতন করা হয়।
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও রামসার সাইট। এর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ, পরিবেশ দূষণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন