সিলেটে দৈনিক দর্পন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাহেদুল করিম চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চলার পথে একদল মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
সাহেদুল করিম চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে আসছেন। স্থানীয় সাংবাদিক মহলে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী সাংবাদিক হিসেবে পরিচিত।
জানা যায়, সম্প্রতি তিনি মাদক ও চোরাকারবারি চক্রের বিরুদ্ধে একটি অনুসন্ধানী ডকুমেন্ট তৈরির কাজ করছিলেন। এ কারণে একটি প্রভাবশালী অপরাধী চক্রের রোষানলে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, কয়েকদিন ধরেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। হামলার আগের দিনও মুফিজ নামের এক ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে অনুসন্ধানী কার্যক্রম বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করা হয়। তবে তিনি তাতে সম্মতি না দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ভুক্তভোগীর দাবি, বৃহস্পতিবার দুপুরে তিনি একা চলাচলের সময় কয়েকজন মুখোশধারী ব্যক্তি তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ হামলার নিন্দা জানিয়ে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করতে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়।
মন্তব্য করুন