এক সড়ক, দুই ফিতা! সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপি - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক সড়ক, দুই ফিতা! সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপি

ফয়সাল আজম অপু চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একই সড়কের উদ্বোধন নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বেশ চমকপ্রদ এক পরিস্থিতি। সকালে উদ্বোধন করলেন বর্তমান সংসদ সদস্য, আর বিকেল গড়াতেই একই সড়কে ফিতা কাটলেন সাবেক সংসদ সদস্য। এক সড়কে দুই উদ্বোধন ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা-সমালোচনার ঝড়।

ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত নির্মাণাধীন সড়ককে ঘিরে।

রোববার (১ নভেম্বর) সকালে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। একই দিন বিকেলে সেখানে গিয়ে ফিতা কেটে আবার উদ্বোধন করেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।

একই সড়কে দুই নেতার পৃথক উদ্বোধন ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনা যেন নতুন মাত্রা পেয়েছে। সকালে একবার ফিতা কাটা হলেও বিকেলে আবার ফিতা কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

সীমান্ত সড়কে প্রায় ৪ কোটি টাকার প্রকল্প

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হচ্ছে।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৫৩১ টাকা।

সড়কটি নির্মিত হলে সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল ও নজরদারি সহজ হবে। পাশাপাশি পদ্মা নদীর তীরবর্তী এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থারও উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

সড়কটির নির্মাণকাজ প্রায় দুই সপ্তাহ আগে শুরু হলেও ১ নভেম্বর সকালে এলজিইডির নামসংবলিত ব্যানার নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

এরপর বিকেলে কোনো প্রাতিষ্ঠানিক ব্যানার ছাড়াই একই স্থানে ফিতা কেটে সড়কটি আবার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। দুই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন এলজিইডির কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদার।

‘উদ্বোধন করবেন, সেই এখতিয়ার কে দিয়েছে?’

সকালের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সাবেক এমপি হারুনুর রশীদের উদ্দেশে বলেন, “আপনি যদি চান চাঁপাইনবাবগঞ্জে ভালো কাজের উদ্বোধনে আমার সঙ্গে থাকতে, ওয়েলকাম। কিন্তু এলজিইডির কাজ হবে, আর আপনি গিয়ে উদ্বোধন করবেন—এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? জনগণ দেয়নি।”

তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিশাল ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন। তার কোনো কাজের দিকে তাকানো বা হস্তক্ষেপ করার অধিকার সাবেক এমপির নেই। তবে উন্নয়নের স্বার্থে সবাই মিলে কাজ করতে চাইলে দরজা খোলা রয়েছে।

‘বরাদ্দ আমি এনেছি, উদ্বোধন করলেই হলো?’

অন্যদিকে, একই সড়ক দুইবার উদ্বোধনের বিষয়ে সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, “এই রাস্তা-ঘাটের বরাদ্দ আমি নিজে নিয়ে এসেছি, আর তিনি গিয়ে ব্যানার টাঙিয়ে উদ্বোধন বললেই হলো?”

তিনি বলেন, বরাদ্দ নিয়ে আসার সুবাদে সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি প্রকল্পটি পরিদর্শন কিংবা উদ্বোধন করতেই পারেন।

নতুন সংসদ সদস্যকে উদ্দেশ করে তিনি বলেন, নতুন করে টাকা বরাদ্দ নিয়ে এসে কাজ করতে হবে। মানুষের উন্নয়ন হলে সমস্যা নেই, তবে কথাবার্তা ও আচরণে পরিমিতিবোধ থাকা উচিত।

ঠিকাদার বলছেন, দুই অনুষ্ঠানেই থাকতে হয়েছে

প্রকল্পটির ঠিকাদার মো. সেলিম রেজা জানান, বর্তমান ও সাবেক সংসদ সদস্যের উভয় উদ্বোধনী অনুষ্ঠানেই সরকারের প্রতিনিধি হিসেবে তাকে উপস্থিত থাকতে হয়েছে।

সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানান, সড়কটি এলজিইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। আনুষ্ঠানিক উদ্বোধন হলে সেখানে ফলক স্থাপন করা হতো।

মূলত বর্তমান ও সাবেক দুই নেতাই পরিদর্শনের অংশ হিসেবে সেখানে গিয়েছিলেন বলে জানান তিনি। চলতি বছরের ডিসেম্বরেই প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

একই সড়কে সকালে একবার, বিকেলে আরেকবার ফিতা কাটার এই ঘটনা এখন স্থানীয় রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয়।

তবে দুই নেতার বক্তব্যের বাইরে সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ হয়ে মানুষের চলাচলের উপযোগী হবে—এটাই এখন সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিয়ানির রাজপাট ডিগ্রি কলেজে ৮ বছর অধ্যক্ষ নেই, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ

১

শেরপুরে নালিতাবাড়ী থানার নবাগত ওসির সঙ্গে জামায়াত-শিবির নেতৃবৃন্দের মতবিনিময় হয়, ‎

২

এক সড়ক, দুই ফিতা! সকালে জামায়াত এমপি, বিকেলে বিএনপি

৩

ভোলাগঞ্জ–ছনবাড়ী সড়কে ভারী গাড়ির চাপ, বার গেট বন্ধ রাখার দাবি এলাকাবাসীর

৪

তৃণমূলের আস্থার প্রতীক ও বিএনপির দুঃসময়ের কাণ্ডারী প্রভাষক সাইফুল ইসলামকে তারালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

৫

ফ্রান্সে যুবদলের অভিষেক ও ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শত শত নেতাকর্মীর উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন

৬

শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান, পাঁচ যানবাহনকে জরিমানা ।

৭

রাজশাহীর বাঘার কলিগ্রামে মাদক ও অপরাধ দমনে সামাজিক ঐক্যের উদ্যোগ, অনুষ্ঠিত হলো ভার্চুয়াল সভা

৮

কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন 

৯

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

১০

টঙ্গিবাড়ীতে কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

১১

স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই হবে জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনায়: রিজভী

১২

জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংহতি

১৩

সুনামগঞ্জে সেপ্টেম্বরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫৫, উদ্ধার ১ লাখ টাকার মাদক

১৪

দিরাইয়ে উন্নয়ন প্রকল্পের কাজে কঠোর নজরদারি, মান যাচাইয়ের পরই বিল: এমপি নাছির উদ্দীন চৌধুরী

১৫

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান, বাড়ি বাড়ি সচেতনতা অব্যহত

১৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক

১৭

প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী

১৮

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

১৯

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১২ ডিসেম্বর

২০