
অনলাইন ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও জয়ের সম্ভাবনা বিবেচনা করে প্রার্থী মনোনয়ন দেবে বিএনপি। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জেলা ও উপজেলা বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার (২ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, স্থানীয় নির্বাচনে যাঁর জয়ের সম্ভাবনা বেশি, তাঁকেই প্রার্থী করার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে দলীয় নেতাদের আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরও জোরদার হবে। ভোটগ্রহণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হলে সেই অনুযায়ী দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
মতবিনিময়কালে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি দাবি করেন, দেশের পরাজিত শক্তি প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। পাশাপাশি দেশের ভেতরে কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলা করে দেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও আব্দুল মালিক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সূত্র: সংগৃহীত সংবাদ।
মন্তব্য করুন