তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে এক যুবক চলে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই প্রবাসীর কষ্টার্জিত জমানো পাঁচ লাখ টাকা নিয়ে যাওয়ারও দাবি করেছে পরিবার। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন প্রবাসী ও তাঁর স্বজনেরা।
অভিযোগের বিবরণ অনুযায়ী, তাহিরপুর উপজেলার আমবাড়ী এলাকার এরশাদ মিয়ার ছেলে নাজমুলের সঙ্গে প্রবাসী মো. সোহেল মিয়ার স্ত্রী আতাবুন নেছা চলে গেছেন বলে দাবি পরিবারের। এ সময় তাঁর কাছে থাকা পাঁচ লাখ টাকাও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
প্রবাসী সোহেল মিয়া জানান, “আজ সকালে জানতে পারলাম, নাজমুলের সঙ্গে আমার স্ত্রী চলে গেছে। তাঁর কাছে আমার কষ্ট করে উপার্জন করা পাঁচ লাখ টাকা ছিল। সেই টাকাও সঙ্গে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।”
এ বিষয়ে সোহেল মিয়ার ভাই মালদ্বীপপ্রবাসী জুয়েল মিয়া জানান, “আজ সকালে আমরা জানতে পারি, আমার ভাইয়ের স্ত্রী গ্রামের নাজমুল নামের এক ছেলের সঙ্গে চলে গেছে। পরে জানতে পারি, তাঁর কাছে জমানো পাঁচ লাখ টাকা ছিল, সেটিও সঙ্গে নিয়ে গেছে।”
পরিবার সূত্রে জানা যায়, গত চার বছর ধরে সোহেল মিয়া প্রবাসে অবস্থান করায় তাঁর স্ত্রী আতাবুন নেছা বাবার বাড়িতে ছিলেন। তবে প্রায় দুই মাস আগে তিনি স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।
প্রবাসে থেকে পরিবারের ভবিষ্যৎ ও জীবিকার জন্য উপার্জিত অর্থ হারানোর আশঙ্কায় উদ্বেগের কথা জানিয়েছেন স্বজনেরা। তাঁরা ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং টাকা ও স্ত্রীর সন্ধান পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছেন।
তবে এ ঘটনায় আতাবুন নেছা ও নাজমুলের বক্তব্য জানা যায়নি। পাঁচ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মন্তব্য করুন