আব্দুল আজিজ, পত্নীতলা উপজেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার ৯নং ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী রফিকুল আল আমিনের উদ্যোগে চন্ডিপুর গ্রামে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ গণসংযোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ দেখা যায়। এ সময় রফিকুল আল আমিন গ্রামের বিভিন্ন অলিগলি ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে এলাকার মুরুব্বি, তরুণ সমাজ ও নারী ভোটারদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরলে তিনি সেগুলো গুরুত্বের সঙ্গে শোনেন। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় ভোটারদের উদ্দেশে রফিকুল আল আমিন বলেন, “আপনারা আমাকে অতীতেও যেভাবে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, আগামী নির্বাচনেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমার বিশ্বাস। আমি আপনাদের সেবা করার লক্ষ্যেই প্রার্থী হয়েছি। চন্ডিপুর গ্রামসহ সমগ্র ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আপনাদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করছি।”
মতবিনিময় সভায় স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও তরুণ সমাজের প্রতিনিধিরা বলেন, এলাকার উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। রফিকুল আল আমিন নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে চন্ডিপুর গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার উন্নয়ন পরিকল্পনা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করেন সম্ভাব্য সদস্য পদপ্রার্থী রফিকুল আল আমিন।
স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও এলাকার সমস্যা শোনার মধ্য দিয়ে নিজের নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিচ্ছেন বলে জানান তিনি।
মন্তব্য করুন