আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।
তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুশংকর পালের সঞ্চালনায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুঁজা উদযাপন ফ্রন্টের সভাপতি দেবেশ তালুকদার, সাধারন সম্পাদক রিংকু রায়,সদর ইউনিয়ন বিএনপি আহব্বায়ক সাইদুল কিবরিয়া, সমিরণ রায়, কৃপেশ তালুকদার, সাংবাদিক রোকন উদ্দিন, সুর্যেরগাও পুজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ রায়,তাহিরপুর উপজেলা ছাত্রদল আহব্বায়ক আবুল হাসান রাসেল সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না সহ পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যেরও প্রতীক। তাহিরপুরে সব ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফারুক আহমেদ বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে তাহিরপুর থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পূজাকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সজাগ থাকবে।
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনায় সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।”
সভায় পূজা উদ্যাপন কমিটির নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, পুলিশ, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় তাহিরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হবে।
মন্তব্য করুন