ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ব্যস্ততম নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল তল্লাশি করে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিমতলা মোড়ে হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-পুলিশ।
পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, উদ্ধার করা অবিস্ফোরিত ককটেলটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন