চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় মাটি পরিবহনরত অবস্থায় একটি ট্রাক্টরসহ একজনকে আটক করা হয়।
আজ মঙ্গলবার (১২ মে) অভিযান চলাকালে সুন্দরপুর ইউনিয়নের শিবিরহাট এলাকা থেকে মাটিভর্তি ট্রাক্টরসহ মোঃ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার জয়ন্দীপুর গ্রামের মোঃ সোহবুল হকের ছেলে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, পদ্মা নদীর পাশ্ববর্তী জয়ন্দীপুর এলাকার কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে তা ইটভাটায় পরিবহন করা হচ্ছিল। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
এছাড়াও ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলে প্রশাসন জানায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ এ অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন