জেলা প্রতিনিধি জামালপুর :
জামালপুরের মেলান্দহ উপজেলার ২ নং কুলিয়া ইউনিয়নের জাফরশাহী-পচাবহলা এলাকায় আলাই নদীর উপর ব্রিজের সংযোগ বিহীন সড়ক থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ছয়টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। বিকল্প যাতায়াতের ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকদের প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে থেকে এই ব্রিজের এক পাশে মাটি না থাকায় মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে ব্রিজের ওপর গাছের গুঁড়ি ব্যবহার করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি কৃষকদের কৃষিপণ্য পরিবহন ও জমিতে যাতায়াতেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। ব্রিজটি নিরাপদভাবে চলাচলের উপযোগী না হওয়ায় এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ এই ব্রিজের এক পাশে মাটি ভরাট ও প্রয়োজনীয় সংস্কার করা হলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
মেলান্দহ উপজেলা প্রকৌশলী মশিউর রহমান বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম ব্রিজের অ্যাপ্রোচ সড়কে মাটি না থাকায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন