ব্যবসায়ীদের অধিকার রক্ষা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির প্রত্যয়
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচন–২০২৬-এ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ বদরুল শাহ। নির্বাচনে তিনি ব্যবসায়ী ও আমদানিকারক সদস্যদের দোয়া, সমর্থন এবং মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।
নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় মোঃ বদরুল শাহ জানান, দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমদানিকারক ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকতে চান তিনি। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালনের প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই প্রার্থী।
তিনি বলেন, নির্বাচিত হলে আমদানিকারকদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা, বিভিন্ন সংকট ও সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন।
বিশেষ করে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলে কয়লা আমদানির প্রক্রিয়া আরও সহজতর করা, বহির্বিশ্বের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা ও সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
বদরুল শাহের মতে, বর্তমান ব্যবসায়িক বাস্তবতায় আন্তর্জাতিক যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে ইতিবাচক উদ্যোগ নেওয়া গেলে আমদানিকারক ব্যবসায়ীরা আরও বেশি উপকৃত হবেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলা সম্ভব।
আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে তাঁকে সমর্থন দিয়ে বিজয়ী করার জন্য কয়লা আমদানিকারক গ্রুপের সকল সম্মানিত ভোটার ও ব্যবসায়ী সদস্যদের প্রতি দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন মোঃ বদরুল শাহ।
তাঁর প্রত্যাশা—ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং পারস্পরিক ঐক্যের মাধ্যমে এগিয়ে যাবে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ।
মন্তব্য করুন