সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড়–সুনামগঞ্জগামী সড়কের পুরান লাউড় মাদ্রাসার পূর্ব পাশে অবস্থিত কাটাখালী ব্রিজ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে নাজুক হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো সংস্কার উদ্যোগ না থাকায় স্থানীয় জনসাধারণের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে ভারী ট্রাক, পণ্যবাহী যানবাহন, মোটরসাইকেল, সিএনজি ও সাধারণ যাত্রীবাহী যান চলাচল করে। কিন্তু ব্রিজটির অবকাঠামোগত দুর্বলতা দিন দিন বাড়তে থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ ব্রিজটির বিষয়ে একাধিকবার স্থানীয় প্রশাসন, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে ব্রিজটির অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আস্ সুন্নাহ ইসলামী যুব সমাজকল্যাণ পরিষদ (বৃহত্তর) পুরান লাউড়ের নেতৃবৃন্দ বলেন, “এটি শুধু একটি ব্রিজ নয়, বরং পুরো এলাকার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয় সাধারণ জনগণ অবিলম্বে ব্রিজটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু, ভারী যান চলাচল নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মন্তব্য করুন