
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নম্বর বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বেলায়েত হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টায় উপজেলার শিমুলতলায় তাঁর নিজ বাড়িতে এলাকার যুবসমাজের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবীণ মুরব্বি ফরিদ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং যুবসমাজের পক্ষে জুবায়ের আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেলায়েত হোসেন। তিনি বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস মিয়া, মুসতার আহমেদ ও মোশারফ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন বলেন, “আমি বিএনপির রাজনীতি করি। আমি বিএনপির একজন মনোনয়নপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আমি আশা করছি, দল আমাকে মনোনয়ন দেবে এবং দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারব।”
তিনি আরও বলেন, “স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। তবে দল যদি আমাকে মূল্যায়ন করে এবং নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সবুজ সংকেত দেয়, তাহলে আমি ভালো অবস্থানে থাকতে পারব বলে আশা করি। ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমি আশা করছি, জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হতে পারব।”
নির্বাচন প্রসঙ্গে বেলায়েত হোসেন বলেন, আগামী জানুয়ারি থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে বলে তিনি ধারণা করছেন। তাঁর মতে, বড়দল উত্তর ইউনিয়নের নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি নির্বাচনে সফল হতে উপস্থিত সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উঠান বৈঠকে স্থানীয় যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর মনোনয়ন প্রত্যাশা, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি এবং স্থানীয় জনগণের সমর্থন নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন